বাঙালি নারীর কাছে টিপের আবেদন চিরন্তন। শুধু আভিজাত্য প্রকাশেই নয়, ফ্যাশন দুনিয়াতেও রঙিন টিপের জুড়ি মেলা ভার। অনেকে আজকাল সাজের ভিন্নতায় অন্যকে চমকে দেওয়ার জন্য বেছে নেন বড় আকারের টিপ। লিখেছেন নওরিন আক্তার
আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা...! তবে কপালের টিপ দেখে বোঝা মুশকিল, চাঁদ, নাকি গনগনে সূর্য! এক সময় গায়ে হলুদ, পহেলা বৈশাখ কিংবা বিভিন্ন ধরনের বাঙালি অনুষ্ঠানেই কেবল তরুণীদের অপেক্ষাকৃত বড় আকারে টিপ পরতে দেখা যেত। তবে সে রীতি ভেঙে বর্তমানে দৈনন্দিন সাজ পোশাকের সঙ্গেও বড় আকারের টিপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী মুনমুনকে সবসময়ই বড় ধরনের টিপ পরতে দেখা যায়। সাজ পোশাক যাই হোক না কেন, কপালে বড় একটি টিপ থাকা চাই-ই। কারণ জানতে চাইলে তিনি বলেন, সবার কৌতূহলী দৃষ্টি কপালে এসে ঠেকে এমন টিপই আমার পছন্দ। বড় একটি টিপ যেমন অন্যদের থেকে নিজেকে আলাদা করে, তেমনি ব্যক্তিত্বও ফুটিয়ে তোলে বেশ। বড় আকারের টিপ পরার কারণে ক্যাম্পাসে কিংবা বন্ধুমহলে পরিচিত মুখ তিনি। একদিন টিপ পরে বের না হলে অন্যদের যেন চিন্তার শেষ থাকে না!
প্রতিদিন একইভাবে সাজতে একঘেয়ে লাগলে আপনিও বড় একটি টিপ পরে দেখতে পারেন। সাজে বৈচিত্র্য তো আসবেই, পাশাপাশি ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেলে হয়তো আপনিই হয়ে উঠবেন আধুনিক ফ্যাশনের জনপ্রিয় মুখ! বাঙালি নারীর রূপের মাধুর্য সঠিকভাবে ফুটে ওঠে টিপের মাধ্যমে। শাড়ির সঙ্গে হোক কিংবা সালোয়ার কামিজের সঙ্গে হোক, টিপ ছাড়া সাজ যেন পরিপূর্ণতা পায় না। বড় আকৃতির টিপ পরতে পারেন যে কোনো বাঙালি পোশাকের সঙ্গেই। ফতুয়ার সঙ্গেও পরতে পারেন বড় টিপ। তবে পশ্চিমা পোশাকের সঙ্গে এ ফ্যাশন মানানসই নয়। বড় টিপের মধ্যে সাধারণত কাপড়ের টিপই বেশি প্রচলিত। টিপে বৈচিত্র্য আনতে ওপরে ঝুমকা বা পাথর লাগিয়ে নিতে পারেন। অথবা ভিন্ন রঙা একটি টিপ লাগিয়ে দিতে পারেন মূল টিপের নিচে। তবে সেটি আকারে ছোট হওয়া জরুরি। অনেকে আলপনার টিপ আঁকতে পছন্দ করেন। তবে দৈনন্দিন সাজে আলপনার বড় টিপ ঠিক মানানসই নয়। অবশ্য চাইলে সাধারণ টিপের চারদিকে আলপনার রেখা এঁকে দিতে পারেন। টিপ পরলেই যে সাজতে হবে এমন নয়। একদম সাধারণ সাজ-পোশাকের সঙ্গেও বড় টিপ বেশ মানিয়ে যায়। বাইরে যাওয়ার সময় চট করে চোখে কাজলের রেখা টেনে কপালে একটি বড় টিপ পরে নিন। ব্যস! বিশেষত্ব চলে আসবে চেহারায়। এক সময় মিলিয়ে পরার ফ্যাশন প্রচলিত থাকলেও এখন সবাই পোশাকের বিপরীত রঙকে তুলে নিয়ে আসে অনুষঙ্গে।
পোশাকের সঙ্গে কন্ট্রাস্ট করে পরতে পারেন বড় টিপ। চাইলে পোশাকের যে কোনো একটি রঙ নিয়ে আসতে পারেন কপালে। অথবা একেবারেই ভিন্ন একটি রঙের টিপ পরে ভিন্নতা দিতে পারেন সাজে। অনেকে সব পোশাকের সঙ্গে একই রঙের টিপ পরতে পছন্দ করেন। এক্ষেত্রে লাল, মেরুন কিংবা কালো রঙ বেছে নিন। এই রঙগুলো মানিয়ে যায় যে কোনো পোশাকের সঙ্গেই। টিপ পরার আগে মুখের গড়ন অনুযায়ী ভ্রু জোড়ার মানানসই শেপ করে নিতে ভুলবেন না। টিপের সৌন্দর্য পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলার জন্য টিপ পরার স্থানটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।
টিপ যেন ভ্রু যুগলের মাঝের অংশের সঠিক জায়গায় বসে। বেশি ওপরে বা নিচে পরলে বেমানান দেখাবে। জোড়া ভ্রুর ওপরে খুব বড় টিপ ভালো দেখায় না। বড় টিপ পরলে চুলগুলো টেনে পনিটেইল বেঁধে নিতে পারেন। চুল বেশি বড় না হলে একটু এলোমেলো করে ছেড়ে রাখুন।
মৌচাক, আনারকলি, নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচকসহ বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন পছন্দমতো বড় টিপ। একরঙা টিপের পাশাপাশি বিভিন্ন রঙের টিপ একসঙ্গে পাওয়া যায়। দাম পড়বে ১০ থেকে ৩০ টাকার মধ্যে।
জেনে নিন
যাদের কপাল একেবারেই ছোট, তারা বড় টিপ না পরলেই ভালো করবেন।
লম্বা ধরনের মুখে বড় গোল টিপ বেশি মানানসই।
টিপ কেনার সময় আঠা ঠিকঠাক আছে কি-না যাচাই করে কিনবেন।
টিপের আঠা কপালে লেগে থাকলে তেল দিয়ে ঘষে নিন।
মডেল :রোকসানা, নীপা ও শম্পা
ছবি :সুমন, সাবিত ও রিচার্ড
No comments:
Post a Comment